১৭ বছর পর প্রথম জেলা সফর: টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। তার এই প্রথম জেলা সফরের সূচনা হচ্ছে টাঙ্গাইল দিয়ে। আগামী রোববার (১১ জানুয়ারি) তিনি সড়ক পথে টাঙ্গাইল হয়ে বগুড়ার উদ্দেশে রওনা হবেন।
বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমানের এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের শুরুতেই তিনি টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন এবং সেখানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
দলীয় সূত্র জানায়, ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তারেক রহমান ঢাকার নিজ বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করবেন। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইল পৌঁছাবেন। সেখানে পৌঁছে তিনি প্রথমে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পরে তার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দলীয় নেতাকর্মীরা জানান, এই কর্মসূচিকে কেন্দ্র করে টাঙ্গাইল জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের এটিই প্রথম কর্মসূচি হওয়ায় টাঙ্গাইলবাসীর আগ্রহও লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মীরা তাকে অভিবাদন জানাবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। রাস্তার দুই পাশে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন লাগানো হচ্ছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইল সফর করছেন। এটি টাঙ্গাইলবাসীর জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তারেক রহমানকে সংবর্ধনা জানাব। তার আগমন ও দোয়া মাহফিল সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে।
তারেক রহমানের এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘদিন পর তার সরাসরি মাঠপর্যায়ের কর্মসূচি বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





আপনার মতামত লিখুন
Array